রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ৫.১ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলে, যা ঢাকা থেকে ৪৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারে এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১২৬ কিলোমিটার গভীরে।
গভীর রাতের এ ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, অনেকেই জানিয়েছেন তারা বেশ কয়েক সেকেন্ড ধরে শক্তিশালী কম্পন অনুভব করেছেন।
ইউএসজিএস-এর ওয়েবসাইটে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে রাঙ্গামাটি, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, জামালপুর, কুড়িগ্রাম, ঝিনাইদহ, দিনাজপুর, ফরিদপুর, রাজবাড়ী, ভোলা, বরিশাল ও মানিকগঞ্জ থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সকাল ১০টা ৩২ মিনিটেও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Post a Comment