ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই নারী ভোটকেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। টিএসসি থেকে শুরু করে প্রতিটি হলে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভিড় ও ঝামেলা এড়াতে অনেকেই ভোরেই কেন্দ্রে পৌঁছেছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শৃঙ্খলা মেনে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা, আর নির্বাচন কমিশন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করছেন। দুপুরের পর ভিড় আরও বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
রোকেয়া হলের শিক্ষার্থী স্বপা আক্তার বলেন, “সকাল সকাল ভোট দিয়ে নিজের দায়িত্বটা শেষ করতে চাই। সময় যত বাড়বে, ভিড়ও তত বাড়বে। আগে ভোট দেওয়া ভালো। ঝামেলা হলে হয়ত পরে সমস্যা হতো। এখন পর্যন্ত সুন্দরভাবে ভোট দিতে পেরেছি।”
দীর্ঘ সাড়ে ছয় বছর পর এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আবহ। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে যোগ্য প্রার্থী নির্বাচনে উচ্ছ্বসিত।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ডাকসুর মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়া ১৮টি হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন। ফলে প্রতিটি ভোটারকে ৪১টি ভোট দিতে হবে, আর সময় পাবেন মাত্র ১০ মিনিট।


Post a Comment