বাংলাদেশের ওপর শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ ড. ইউনূসের






যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ড. ইউনূস লিখেছেন, “শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্যিক উদ্যোগগুলোকে সহায়তা করতে আমরা আগের মতোই আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।”

এর আগে গত সপ্তাহে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৭ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে বুধবার এক ঘোষণায় তিনি তা স্থগিতের সিদ্ধান্ত জানান।

যেখানে চীনকে ব্যতিক্রম হিসেবে রেখে, অন্যসব দেশের ওপর শুল্ক সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, “বিশ্ববাজারে চীনের অপেশাদার আচরণের কারণে তাদের ওপর শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।”

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও বলেন, “৭৫টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য, শুল্ক, এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়ে আলোচনায় বসেছে। তারা আমাদের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি। এ জন্য আমি তাদের ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছি এবং পাল্টা শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছি।”

তিনি আরও যোগ করেন, “এই পদক্ষেপের মাধ্যমে আমরা আশা করি, পারস্পরিক বাণিজ্য আরও স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ হবে।”


Comment

Previous Post Next Post