মাত্র একদিনের ব্যবধানে রাজধানী ঢাকায় তাপমাত্রা কমেছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১৩ মে) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যেখানে আগের দিন রোববার ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
শুধু রাজধানীই নয়, খুলনা ছাড়া দেশের প্রায় সব অঞ্চলেই একইদিনে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে।
গত ৭ মে (বুধবার) থেকে দেশে শুরু হয় তাপপ্রবাহ। ৯ মে (শুক্রবার) তা অনেক এলাকায় অতি তীব্র আকার ধারণ করে এবং ১০ মে (শনিবার) দেশের ৬২টি জেলায় ছড়িয়ে পড়ে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের তীব্রতা ছিল সবচেয়ে বেশি।
রাজশাহীতেও তাপমাত্রা একদিনে কমেছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেখানে রোববার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৮ ডিগ্রি, আর সোমবার তা নেমে এসেছে ৩২ দশমিক ৪ ডিগ্রিতে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কমার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Post a Comment