ছয় দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে রেলপথ অবরোধের কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে আপাতত সকাল ১১টা পর্যন্ত সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।
তিনি ঢাকা পোস্টকে জানান, আজ সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বৈঠকের ফলাফল ইতিবাচক হলে রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হবে। অন্যথায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল সন্ধ্যায় তেজগাঁও সাতরাস্তা মোড়ে আজকের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন জুবায়ের পাটোয়ারী। তিনি বলেছিলেন, “আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। একজন প্রিন্সিপালকে বদলি করতেই যদি সারাদিন লেগে যায়, তাহলে সরকার আমাদের বৃহত্তর দাবিগুলো কীভাবে বাস্তবায়ন করবে?”
তিনি আরও বলেন, “আমরা রেল অবরোধের মধ্য দিয়ে অসহযোগ আন্দোলনের সূচনা করছি। যদি সরকার শিক্ষার্থীদের অবদানকে অস্বীকার করে, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়।”
শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল ও বিতর্কিত নিয়োগ বাতিল – হাইকোর্টের রায় বাতিল, পদবি পরিবর্তন, সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি ও ২০২১ সালের নিয়োগ বাতিলসহ সংশ্লিষ্ট বিধি সংশোধন।
২. কারিকুলামে মানোন্নয়ন ও ইংরেজি মাধ্যম চালু – বয়সসীমাহীন ভর্তি বাতিল করে উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু এবং ধাপে ধাপে একাডেমিক কার্যক্রম ইংরেজি মাধ্যমে স্থানান্তর।
৩. ডিপ্লোমা পাসকৃতদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ নিশ্চিত – সংরক্ষিত পদে অনুপযুক্ত নিয়োগ বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৪. কারিগরি সেক্টরে অপ্রশিক্ষিত নিয়োগ বন্ধ – পরিচালক, উপসচিব, বোর্ড চেয়ারম্যানসহ সকল গুরুত্বপূর্ণ পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ ও শূন্যপদে শিক্ষক-ল্যাব সহকারী নিয়োগ।
৫. স্বতন্ত্র মন্ত্রণালয় ও শিক্ষা সংস্কার কমিশন – কারিগরি শিক্ষার উন্নয়নে আলাদা মন্ত্রণালয় ও দ্রুত সময়ের মধ্যে সংস্কার কমিশন গঠন।
৬. টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার সুযোগ – পলিটেকনিক ও মনোটেকনিক শিক্ষার্থীদের জন্য উন্নত মানের বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নির্মাণাধীন চার ইঞ্জিনিয়ারিং কলেজে অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে শতভাগ ভর্তি নিশ্চিত।

Post a Comment