আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সোমবার (২১ এপ্রিল) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
সকালে অধিদপ্তরের ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, সকাল ৬টা ৪৫ মিনিট থেকে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার বেশি গতির দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় ঢাকায় গুমোট আবহাওয়া বিরাজ করছিল এবং সকাল সাড়ে ৭টায়ও আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা।
অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পূর্বাভাসেও বলা হয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা পরে ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।
সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৮.২ ও সর্বনিম্ন ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।
গত রাতেই প্রকাশিত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Post a Comment